ইরানে বিক্ষোভে গুলি, নিহত ৫
ইরানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য খুজিস্তানে বিক্ষোভে হামলাকারীদের এলোপাতাড়ি গুলিতে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে খুজেস্তান প্রাদেশিক গভর্নরের অফিসের নিরাপত্তা বিষয়ক উপপরিচালক ভ্যালিওল্লাহ হায়াতি জানান, নিহতদের মধ্যে একজন শিশু, একজন বৃদ্ধ নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। দুটি মোটরসাইকেলে চড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে ইজেহ শহরের কেন্দ্রীয় বাজারে মানুষ ও পুলিশ সদস্যদের ওপর গুলি চালায়। এ সময় ওই এলাকায় বিক্ষোভ চলছিল। ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ ছত্রভঙ্গ করার সময় আততায়ীরা এসে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই তিন জন নিহত হন। পরে অ্যাম্বুলেন্সে হতাহতের স্থানীয় জন্দিশাহপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে ২ জন মারা যান।
হামলার ঘটনায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীকে দায়ী করছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ভ্যালিওল্লাহ হায়াতি।





